দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) এটি মন্ত্রিপরিষদ বিভাগে ওয়েবসাইটে প্রকাশিত হয়।
৬ সদস্যের উচ্চপর্যায়ের ওই কমিটিতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের নিমিত্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, নবগঠিত এ কমিটি চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনাপূর্বক মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে। এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। এ ছাড়া কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

![electricity]-697d7cfcbb95a-69dd2a03eff93](https://www.probashbangla.com.au/wp-content/uploads/2026/04/electricity-697d7cfcbb95a-69dd2a03eff93-696x392.jpg)







































