ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আগ্রহী তিনি।সুযোগ পেলেই ছুটে যান নতুন কোনো গন্তব্যে। আর ভ্রমণের সেই আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেন না এই অভিনেত্রী।
এবার ছেলেকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডে ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ করেছেন শাবনূর। ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে মা-ছেলেকে দেখা গেছে হলিউডের বিভিন্ন দর্শনীয় স্থানে।
জানা গেছে, ছেলের স্কুলে ছুটি থাকায় দুই মাসের জন্য অস্ট্রেলিয়ার সিডনি ছেড়েছেন শাবনূর। এবারের সফরের মূল পরিকল্পনাই ঘোরাঘুরি। চলতি বছরে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন এই অভিনেত্রী।সেই আমন্ত্রণে সাড়া দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান তিনি। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেলেও এবারই প্রথম তার লস অ্যাঞ্জেলেস যাওয়া।
একসময় হলিউডের প্রতি বিশেষ আগ্রহ ছিল শাবনূরের। তাই লস অ্যাঞ্জেলেসে পৌঁছেই হোটেলে না গিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বিখ্যাত হলিউড সাইন দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে ছেলেকে নিয়ে ঘুরে দেখেন সান্তা মনিকা পাহাড়ের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বখ্যাত ‘হলিউড’ সাইন ও এর আশপাশের এলাকা।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে আগামী ৩ ডিসেম্বর শহরটি ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এর আগে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে আরো কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তার।
লস অ্যাঞ্জেলেস থেকে এরপর শাবনূর যাবেন লন্ডনে। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে কয়েক দিন লন্ডনে কাটাবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে কয়েক দিন অবস্থানের পর সর্বশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এই অভিনেত্রী।









































