ছবি – রয়টার্স
দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইরানের বেসামরিক সামুদ্রিক খাতে বড় ধরনের ধাক্কার খবর পাওয়া গেছে। দেশটির মার্চেন্ট মেরিন ইউনিয়নের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৪ জন ইরানি নাবিক নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরো ২৯ জন।
শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে ইরানের মার্চেন্ট মেরিনার্স সিন্ডিকেটের মহাসচিব সামান রেজায়ি জানান, নিহতদের মধ্যে রয়েছেন ২২ জন বেসামরিক নাবিক, ১৬ জন জেলে এবং ৬ জন ডক কর্মী।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে তিনি উল্লেখ করেন, এই তালিকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের নৌবাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত নয়।
নিহতদের এই তালিকা ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন এবং ইউনিয়নের সদস্যদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলেও জানান রেজায়ি।
স্বাধীন সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানজুড়ে ৩ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে প্রায় ১ হাজার ৬০০টি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।









































