তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের বাড়তে থাকা সামরিক ও নৌ তৎপরতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার প্যারিসে এক বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছেন জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। গত জুন থেকে তাইওয়ানের পূর্ব উপকূলে দেশটির তৎপরতা বেড়েছে। ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছে চীনের কোস্ট গার্ড। তবে চীনের সার্বভৌমত্বের দাবি মানে না তাইওয়ান।দেশটির কর্মকর্তাদের আশঙ্কা, সম্ভাব্য নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে চীন। এ জন্য সামরিক, আধা সামরিক ও বেসামরিক বাহিনী এবং বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হচ্ছে।
জি-৭-এর বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে আরো বলা হয়, চীনের এসব কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি।
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, শক্তি প্রয়োগ, চাপ সৃষ্টি বা এর হুমকি দিয়ে একতরফাভাবে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন তারা। এ বিষয়ে মন্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। চীন তাইওয়ানের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।
গত মাসে তাইওয়ানের পূর্ব উপকূলে টহল দেয় চীনের কোস্ট গার্ড।
এরপর তাইপে অভিযোগ করে, চীন জাহাজ চলাচলে বাধা ও হয়রানি করছে। একই সঙ্গে ওই জলসীমায় নিজেদের একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাইওয়ানের কাছে পূর্ব উপকূলের জলসীমা খুবই গুরুত্বপূর্ণ। দেশটির আশঙ্কা, কোনো অবরোধ বা সংঘাত শুরু হলে মিত্র দেশগুলো থেকে যুদ্ধের সময় প্রয়োজনীয় সরবরাহ আনার ক্ষেত্রে এই পথ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এর আগে তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এদিকে প্রতিদিনই তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন। চীনের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার খবরের পর মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরিসহ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ নিয়ে মহড়া চালাচ্ছে চীন।
এ মহড়ার লক্ষ্য হলো, প্রতিপক্ষের বাহিনীকে ওই এলাকায় প্রবেশে বাধা দেওয়া। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ পুরোপুরি বন্ধ করেনি চীন। তবে বেইজিংয়ের দাবি, তারা সামরিক পদক্ষেপের বদলে ‘শান্তিপূর্ণ পুনর্মিলন’ চায়।











































