সংগৃহীত ছবি
সৌদি আরবকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত ও কাতার। পৃথক বিবৃতিতে দুই দেশই এই হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে।কর্মকর্তাদের দাবি, ড্রোনগুলো ইরাকের আকাশসীমা থেকে সৌদি আরবের দিকে প্রবেশ করেছিল।
কুয়েত জানিয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক নিরাপত্তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। দেশটি বলেছে, চলতি বছরের মার্চ মাসে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে ২৮১৭ নম্বর প্রস্তাব পাস করেছিল, এই ঘটনা তার বিরোধী। কুয়েত আরো জানায়, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা সবসময় পাশে থাকবে।
অন্যদিকে কাতার এই হামলাকে ‘অগ্রহণযোগ্য আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে। দেশটির মতে, এটি সরাসরি সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তির জন্য উদ্বেগজনক। কাতার বলেছে, সৌদি ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় যে পদক্ষেপই নেওয়া হোক না কেনো, তাতে তাদের পূর্ণ সমর্থন থাকবে।
দুই দেশই সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।একই সঙ্গে তারা বলেছে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এর আগে সৌদি আরব জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাক থেকে প্রবেশ করা তিনটি শত্রু ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। দেশটির দাবি, ড্রোনগুলো সৌদি আকাশসীমায় ঢোকার পরই সেগুলো ধ্বংস করা হয়।











































