রয়টার্স ছবি
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা ইরানের কেশম দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে তেহরান জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবারের এই বিস্ফোরণ কোনো নতুন শত্রুভাবাপন্ন হামলা নয়, বরং শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কারণে এই শব্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছে, দ্বীপে উদ্ধার হওয়া শত্রুপক্ষের পুরনো ও অবিস্ফোরিত গোলাবারুদ পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় করার কারণেই এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এর আগে ইরানের অপর একটি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি বিস্ফোরণের খবরটি প্রকাশ করলেও এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে উল্লেখ করেছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।তবে এই ঘটনার মাত্র এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর তিনি ইরানের ওপর পূর্বপরিকল্পিত বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন।
ট্রাম্প উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করার লক্ষ্যে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।











































