গাজাগামী ৪১ জাহাজ আটক করল ইসরায়েল

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক সহায়তা বহরের ৪১টি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। তবে এখনো ১০টি জাহাজ পূর্ব ভূমধ্যসাগর থেকে গাজার দিকে অগ্রসর হচ্ছে জানা গেছে।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গাজার সবচেয়ে কাছাকাছি থাকা জাহাজ ‘সিরিয়াস’ উপকূল থেকে প্রায় ১৪৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

এর আগে সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘গাজার ওপর আরোপিত বৈধ নৌ অবরোধ ভাঙার কোনো প্রচেষ্টা ইসরায়েল মেনে নেবে না।’

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।

এর আগে স্থানীয় সময় সোমবার রাতে আংকারায় দেওয়া বক্তব্যে তিনি সহায়তা বহরে অংশ নেওয়া ব্যক্তিদের ‘আশার অভিযাত্রী’ বলে উল্লেখ করেন।

এ সময় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো গত বৃহস্পতিবার দক্ষিণ তুরস্ক থেকে তৃতীয়বারের মতো গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। এর আগেও আন্তর্জাতিক জলসীমায় গাজায় সহায়তা পৌঁছানোর কয়েকটি প্রচেষ্টা ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে।


LEAVE A REPLY