আর্নে স্লটকে বরখাস্ত করল লিভারপুল, নতুন কোচ প্রায় চূড়ান্ত

আর্নে স্লট। ছবি: রয়টার্স

একটা বাজে মৌসুম পার করলেও আর্নে স্লট অ্যানফিল্ডে থেকে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। লিভারপুল সমর্থকদের পক্ষ থেকে তাকে ছাঁটাইয়েরও জোরালো দাবি ওঠেনি।

কিন্তু লিভারপুল কর্তৃপক্ষই স্লটকে আর রেখে দেওয়ার প্রয়োজন মনে করল না। ইংল্যান্ডের অন্যতম সফল এই ক্লাব আজ জানিয়ে দিল, স্লটকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়াও এরই মধ্যে শুরু হয়েছে।

লিভারপুলের বিবৃতিতে বলা হয়েছে, ‘লিভারপুল এফসি নিশ্চিত করছে যে, আর্নে স্লট প্রধান কোচের পদ থেকে অবিলম্বে বিদায় নিচ্ছেন।তার উত্তরসূরি নিয়োগের কাজ চলছে। তিনি একটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ক্লাব ছাড়ছেন এবং তার অবদানের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ক্লাবের মালিকপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে দলকে আবার সাফল্যের পথে ফেরাতে পরিবর্তন প্রয়োজন ছিল। তারা উল্লেখ করেন, স্লটের অবদান ছিল গুরুত্বপূর্ণ।কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন দিক নির্দেশনার প্রয়োজন দেখা দিয়েছে।

সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে হতাশাজনকভাবে পঞ্চম স্থানে শেষ করে লিভারপুল। কোনোরকমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে। অথচ মৌসুম শুরুর আগে দলটি শিরোপা ধরে রাখার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হয়েছিল।

স্লটের চাহিদা অনুযায়ী সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে ৭৩৪৫ কোটি টাকা খরচ করে লিভারপুল, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো ক্লাবের সর্বোচ্চ বিনিয়োগ।দলে যোগ দেন অ্যালেক্সান্ডার ইসাক, ফ্লোরিয়ান ভির্টৎস, জেরেমি ফ্রিমপং এবং মিলোস কেরকেজের মতো তারকারা। তবে চোট ও ধারাবাহিকতার অভাবে তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি।

নতুনদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হুগো একিতিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭ গোল করেছিলেন। কিন্তু এপ্রিল মাসে গুরুতর এসিএল চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তার। সঙ্গে শেষ হয়ে যায় ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও।

২০২৪ সালে লিভারপুল ইতিহাসের অন্যতম সফল কোচ ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হন স্লট। নিজের প্রথম মৌসুমেই লিগ শিরোপা জেতায় তার প্রতি প্রত্যাশা আরো বেড়ে গিয়েছিল। কিন্তু শিরোপাশূন্য থেকে এই মৌসুম শেষ করতে হয়েছে অলরেডদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবি জানতে পেরেছে, লিভারপুলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আন্দোনি ইরাওলা। বর্তমানে বোর্নমাউথের দায়িত্বে থাকা এই স্প্যানিশ কোচের কাজ ফুটবল অঙ্গনে বেশ প্রশংসিত হচ্ছে। তার অধীনে বোর্নমাউথ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে অ্যানফিল্ডে ইরাওলাকে নতুন কোচ হিসাবে পরিচয় করিয়ে দিতে পারে লিভারপুল।  ডাগআউটে নতুন যুগের সূচনা করতে পারেন ইরাওলা। তবে ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি।

LEAVE A REPLY