ছবি : রয়টার্স
চীনের রাজধানী বেইজিংয়ে গত সপ্তাহে একটি ছোট বিমান শহরের সবচেয়ে উঁচু ভবনে আঘাত করার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তদন্তে জানা গেছে, ৬৬ বছর বয়সী পাইলট তার ডায়েরিতে একাধিকবার আত্মহত্যার কথা লিখেছিলেন।
বৃহস্পতিবার চাওইয়াং জেলা সরকার জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সমস্যার কারণেই পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি ভবনের দিকে চালিয়ে দেন। গত শুক্রবার সন্ধ্যায় বেইজিংয়ের ব্যস্ত ব্যবসায়িক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে পাইলট নিহত হন এবং আরো ১৩ জন আহত হন। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয়।ইতোমধ্যে একজনকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারের কাঁচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভবনটি ‘চায়না জুন’ নামেও পরিচিত। কর্তৃপক্ষ জানায়, পাইলট প্রথমে একজন প্রশিক্ষকের সঙ্গে উড়ান দেন।পরে বেইজিংয়ের উপকণ্ঠের একটি বিমানবন্দর থেকে একাই বিমান চালিয়ে আকাশে ওঠেন। কিছুক্ষণ পর তিনি নির্ধারিত পথ থেকে সরে যান এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তদন্তে জানা গেছে, পাইলটের কোনো স্থায়ী চাকরি ছিল না। তিনি বিবাহবিচ্ছেদ হয়েছিল এবং একা থাকতেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে অনিদ্রা ও উদ্বেগে ভুগছিলেন।তার ব্যক্তিগত ডায়েরিতে আত্মহত্যার ইচ্ছার কথাও একাধিকবার লেখা ছিল। এই ঘটনা চীনের রাজধানীতে বিমান নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।










































