সদস্যদের ওপর হামলার নিন্দা জানাল পুলিশ অ্যাসোসিয়েশন

বরিশালের আগৈলঝাড়া থানায় গুজবকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, গুজবের উৎস শনাক্ত এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার রাতে এই নিন্দা জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আগৈলঝাড়া থানা পুলিশ চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রিয়াজ বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আসামি রিয়াজ ফকির মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে।থানার হাজতে থাকাকালীন মাদকের প্রভাবে তিনি নিজেই নিজের মাথায় আঘাত করে রক্তাক্ত ও অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১১টার দিকে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এলাকায় রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল উত্তেজিত জনতা প্রকৃত তথ্য যাচাই না করেই আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও আক্রমণ করে।বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এই ঘটনাকে আইন-শৃঙ্খলার জন্য চরম হুমকিস্বরূপ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচারপ্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, গুজবের উৎস শনাক্ত এবং এই হামলার পেছনে কোনো পরিকল্পিত উসকানি ছিল কিনা তা নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অ্যাসোসিয়েশন দেশের সব নাগরিককে যাচাই-বাছাই ছাড়া যেকোনো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, কোনো ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের আগেই আইন নিজের হাতে তুলে নেয়া বা গুজবের ভিত্তিতে সহিংসতা সৃষ্টি করা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।এ ধরনের সংঘবদ্ধ হামলা বা উসকানি পুলিশের মনোবল দুর্বল করার অপচেষ্টা মাত্র। তবে পুলিশ বাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY