সেঞ্চুরিয়নে বৃষ্টি, মাঠ কাভারে ঢাকা, টস হতে দেরি

বৃষ্টির কারণে মাঠ কাভারে ঢাকা। ছবি: সিএসএ

সেঞ্চুরিয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা আজ দুপুর ২টায়। কিন্তু যথাসময়ে প্রথম বল মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।

স্থানীয় সময় আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সুপারস্পোর্ট পার্কের পিচ ও এর চারপাশ কাভারে ঢাকা। দুপুর দেড়টায় টস হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। স্বাভাবিকভাবেই খেলা শুরু হতেও দেরি হবে।

টি স্পোর্টসের সরাসরি সম্প্রচারে দেখা গেল, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দল স্টেডিয়ামে পৌঁছায়নি। টিম বাস এখনো রাস্তায়।  

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সেঞ্চুরিয়নে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাঠকর্মীরা মূল পিচ, এর আশপাশ এবং বোলারদের রানআপের জায়গা ঢেকে রেখেছেন।আম্পায়াররা ছাতা নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে খেলার পরিবেশ ও মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন। ফলে খেলা শুরু হতে যে দেরি হচ্ছে, তা নিশ্চিত।

Toss
সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে। ছবি: বিসিবি

গুগল ওয়েদার বলছে, বাংলাদেশ সময় আজ বিকেল ৪টার মধ্যে সেঞ্চুরিয়নে বৃষ্টি থামতে পারে। তবে রাত ৩টা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত থাকতে পারে।

জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। 

সেঞ্চুরিয়নে এর আগে বাংলাদেশ একটিমাত্র টেস্ট খেলেছে। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল।

LEAVE A REPLY