সংগৃহীত ছবি
জাপানি বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিশান। বিশ্বজুড়ে তাদের সবচেয়ে জনপ্রিয় এসইউভি মডেল নিশান এক্স-ট্রেইল।কিন্তু সেই এক্স-ট্রেইল নিয়েই বিপাকে পড়েছে নিশান অস্ট্রেলিয়া। গাড়ির ব্যাটারির একটি সফটওয়্যার সমস্যার কারণে এক্স-ট্রেইল ই-পাওয়ার মডেলের প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত (রিকল) নেওয়ার ঘোষণা দিয়েছে নিশান অস্ট্রেলিয়া।
ফেরত নেওয়ার ঘোষণায় বলা হয়েছে, “লিথিয়াম-আয়ন ব্যাটারি কন্ট্রোলারের সফটওয়্যার সমস্যার কারণে গাড়িটি চালানোর সময় অথবা চালক যখন রিজেনারেটিভ ব্রেকিং ব্যবহার করবেন, তখন এটি ‘ফেইল-সেফ’ মোডে চলে যেতে পারে। এর ফলে গাড়িটি চলনশক্তি হারাতে পারে এবং ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যেতে পারে।”
গত বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘চলন্ত অবস্থায় হুট করে শক্তি হারিয়ে ফেলা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যা গাড়ির আরোহী এবং পথচারীদের মারাত্মক আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।’
২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে তৈরি মোট ১৩ হাজার ৭৯৫টি এক্স-ট্রেইল ই-পাওয়ার গাড়ি এই ত্রুটির আওতায় পড়েছে।
বর্তমান চতুর্থ প্রজন্মের এক্স-ট্রেইলের জন্য এটিই প্রথম রিকল। এ ছাড়া গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই জনপ্রিয় এসইউভির ক্ষেত্রে এটি প্রথম রিকল ঘটনা।
এর আগের প্রজন্মের মডেলটি পেছনের দরজার লকের ত্রুটির কারণে ফেরত নেওয়া হয়েছিল। এক্স-ট্রেইল হচ্ছে নিশান অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল, যা চলতি বছরে তাদের প্যাট্রোল অফ-রোডার এবং নাভারা ইউটের চেয়েও বেশি বিক্রি হয়েছে।
নিশান জানিয়েছে, ‘ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মালিকদের সঙ্গে নিশান যোগাযোগ করবে। সফটওয়্যারটি বিনা মূল্যে রিপ্রোগ্রামিং করিয়ে নেওয়ার জন্য তাদের নিকটস্থ অনুমোদিত নিশান ডিলারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।’











































