সালমানের হাত থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতে নিয়োগ করা হয় দেহরক্ষী!

বলিউডের ইতিহাসে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম এবং বিচ্ছেদ আজও অন্যতম আলোচিত অধ্যায়। এবার সেই উত্তাল সময়ের এক অজানা অভিজ্ঞতার কথা সামনে আনলেন ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন করান্ডে। তার দাবি, সালমান খানের হাত থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতেই সাত দিনের জন্য তাকে বিশেষভাবে নিয়োগ করা হয়েছিল।

২০০২ সালে রোহন সিপ্পি পরিচালিত ‘কুছ না কহো’ সিনেমায় অভিষেক বচ্চনের বিপরীতে শুটিং করছিলেন ঐশ্বরিয়া। শোনা যায়, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার এই পেশাগত ঘনিষ্ঠতা সে সময় ভালোভাবে নেননি সালমান খান। সাংবাদিক কাবেরী বামজাই তার ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ নিউ ইন্ডিয়া’ বইয়েও অভিষেকের সঙ্গে কাজ করার বিষয়ে সালমানের আপত্তির কথা উল্লেখ করেছিলেন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেতন করান্ডে জানান, খুব অল্প সময়ের জন্য তিনি ঐশ্বরিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কেতন বলেন, ‘একবার আমি ঐশ্বরিয়া রাইয়ের দেহরক্ষী ছিলাম। সালমান খানের কারণেই আমাকে কাজে নেওয়া হয়েছিল। সালমানের হাত থেকে তাকে নিরাপদ রাখতে সাত দিনের জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল।’

তার এই নিয়োগের কথা সালমান জানতেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন কেতন। তিনি বলেন, ‘সালমানজি হয়তো জানতেন, অনেক বছর হয়ে গেছে তো।’ কেতনের মূল কাজ ছিল ঐশ্বরিয়ার বাসা থেকে তাকে গাড়িতে তোলা, সঙ্গে থাকা এবং নিরাপদে শুটিং সেট ও বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনা।

সাক্ষাৎকারে সে সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেন কেতন। তিনি জানান, একবার চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাট আয়োজিত একটি ফ্যাশন শোতে ঐশ্বরিয়াকে নিয়ে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হলেও ফেরার পথে আচমকাই সালমান খানের মুখোমুখি হয়ে পড়েন তারা।

সেই মুহূর্তের বর্ণনা দিয়ে কেতন বলেন, ‘সেদিনও ঠিক একইভাবে ম্যাডামকে বাসা থেকে নিয়ে গাড়িতে বসে রওনা দিয়েছিলাম। শো শেষ হওয়ার পর যখন সেখান থেকে বের হলাম, দেখি সামনেই সালমান খান সাহেব দাঁড়িয়ে রয়েছেন। আমরা সবাই এমন ভয় পেয়ে গিয়েছিলাম যে কী করব বুঝতে পারছিলাম না।’ কেতন গাড়ি থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু চালক অত্যন্ত দ্রুততার সঙ্গে সালমানকে পাশ কাটিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

এই ঘটনার পর বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যান কেতন করান্ডে। তিনি জানান, তিনি নিজে সালমান খান এবং ঐশ্বরিয়া রাই দুজনেরই বড় ভক্ত ছিলেন। তাই তাদের ব্যক্তিগত টানাপোড়েন বা সম্পর্কের জটিলতার মাঝখানে জড়িয়ে পড়তে চাননি। সে কারণেই মাত্র সাত দিন দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় সেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইকে। এরপর ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ এবং ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেন তারা। তবে বিচ্ছেদের পর আর কখনো একসঙ্গে রুপালি পর্দায় দেখা যায়নি এই জুটিকে।

সূত্র: দ্য ওয়াল

LEAVE A REPLY