ছবি : রয়টার্স
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির কারণে কাঁচা বাড়ির ছাদ ধসে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানান।প্রাদেশিক জরুরি পরিষেবার কর্মকর্তা বিলাল ফাইজি বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১১টি মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। পরে মরদেহগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।এদিকে সোমবার গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভারি বৃষ্টিপাত হয়েছে। আঞ্চলিক জরুরি পরিষেবা জানিয়েছে, এতে ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় সরকার পর্যটকদের উত্তর পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে বর্ষা মৌসুমে প্রায়ই ভারি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়, যা প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়।
২০২২ সালে দেশটিতে রেকর্ড পরিমাণ মৌসুমি বৃষ্টি ও ভয়াবহ বন্যায় প্রায় এক-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ওই দুর্যোগে ১,৭৩৯ জন নিহত হন এবং প্রায় ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।










































