রাশিয়ায় ভালুকের হামলায় বাড়ছে প্রাণহানি, নিহত বেড়ে ৩৫

রাশিয়াজুড়ে এ বছর ভালুকের হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। সর্বশেষ বুধবার (১১ নভেম্বর) কামচাটকা অঞ্চলের একটি হলিডে ক্যাম্পের নিরাপত্তাকর্মী ভালুকের হামলায় নিহত হয়েছেন।

দ্য মস্কো টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভালুকের হামলায় মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েছে। অক্টোবরের শুরুর দিকে এ সংখ্যা ছিল ২২। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এ ছাড়া গত তিন দশকে রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।বর্তমানে দেশটিতে প্রায় ৩ লাখ ৮ হাজার বাদামি ভালুক রয়েছে। শীতকাল আগের তুলনায় ছোট ও উষ্ণ হয়ে আসায় এ সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

কিছু অঞ্চলে ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ কারণে গত সেপ্টেম্বরে ভালুক নিধনের নিয়ম সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় সরকার।

বুরিয়াতিয়া প্রজাতন্ত্রের প্রধান আলেক্সেই সিদেনভ চলতি মাসে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এ বছর ভালুকের সংখ্যা বৃদ্ধি ও মানুষের ওপর হামলার অন্যতম কারণ শিকারির সংকট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক শিকারি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ফলে ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণে শিকার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি আরো বলেন, ফসলের ঘাটতি ও দাবানলের কারণেও ভালুক খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। প্রাণীবিজ্ঞানী মিখাইল ক্রেচমার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রাশিয়ায় ভালুক নিধনের জন্য নির্ধারিত কোটার মাত্র ২৭ শতাংশ ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে রাশিয়ার শিকার ও মৎস্যজীবী সংঘের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

LEAVE A REPLY