শেষ মুহূর্তের অনুশীলনে সতীর্থদের সঙ্গে লামিনে ইয়ামাল। ছবি : রয়টার্স
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। ২০১৪ বিশ্বকাপের পর আর কখনোই ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সুযোগ পায়নি ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।তবে ফিফার টুর্নামেন্টিতে না থাকলেও তারা প্রাসঙ্গিক।
সেই প্রাসঙ্গিকতার কারণ আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বাধিক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির দখলে। এবার তাদের কীর্তিতে ভাগ বসানোর সুযোগ পাচ্ছে স্পেন। এর জন্য প্রয়োজন একটি জয়।
আজ রাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জিততে পারলে তাই এক ঢিলে দুই পাখি মারা সুযোগ পাবে স্পেন। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শের সঙ্গে কাক্ষ্খিত ফাইনালের টিকিট। বর্তমানে ৩৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটা নিজেদের দখলে রেখেছে ইতালি।
২০১৮ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ইতালি।বিপরীতে ২০২৪ সালের ২৬ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে অপরাজিত স্পেন। ইতালির পাশে বসতে হলে আজ ফ্রান্সকে হারানোর বিকল্প নেই ২০১০ বিশ্বকাপজয়ীদের সামনে। আর সেটা করতে পারলে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পাবে তারা।
এর আগে ইতালির রেকর্ড স্পর্শ করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ঘাড়ে নিশ্বাস ফেললেও ৪ বারের বিশ্বকাপজয়ীদের পাশে বসতে পারেনি আলবিসেলেস্তারা।২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয় লিওনেল মেসিদের।










































