সিদ্ধার্থের সঙ্গে নতুন জীবন শুরু করলেন মিমি

টালিউড অভিনেত্রী ও ভারতের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর জীবনে শুরু হলো নতুন অধ্যায়। মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।  ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় মিমির বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। এর আগে ২৫ নভেম্বর দক্ষিণ কলকাতায় মিমির বাসায় তাঁদের বাগ্‌দান অনুষ্ঠানও সম্পন্ন হয়।  বিয়ের মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন মিমি। ক্যাপশনে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। ছবিগুলোর একটিতে নবদম্পতিকে আংটি দেখাতে দেখা যায়। অন্য ছবিতে সিদ্ধার্থকে বিয়ের নিবন্ধনের কাগজে স্বাক্ষর করতে এবং মিমিকে তাঁর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা গেছে। আরেকটি ছবিতে স্বামীকে জড়িয়ে ধরেছেন অভিনেত্রী। তবে ছবিতে কৌশলে সিদ্ধার্থের মুখ আড়াল করে রেখেছেন তিনি।

বিয়ের সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া। মিমি পরেছিলেন সোনালি কাজ করা সাদা শাড়ি ও পান্নার গয়না। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। দুজনের পোশাকের রঙেও ছিল মিল।ডিসেম্বরে ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও মিমি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন এখানেই শেষ হচ্ছে না। আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গের কালিম্পংয়ে ঐতিহ্যবাহী রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে তাঁদের।  আগামী ৩ ডিসেম্বর ককটেল ও ডিনার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে পারে বিয়ের আয়োজন। পরদিন ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এরপর ৫ ডিসেম্বর হবে মূল বিয়ের অনুষ্ঠান। এ ছাড়া ১১ ডিসেম্বর কলকাতায় টালিউডের বন্ধু, সহকর্মী ও স্বজনদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কে এই সিদ্ধার্থ দত্ত? মিমির স্বামী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। বিনোদনজগতের সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। ফলে এত দিন মিমির ব্যক্তিগত জীবনের আড়ালেই ছিলেন তিনি।  তথ্যসূত্রে জানা যায়,এক বন্ধুর মাধ্যমে মিমি ও সিদ্ধার্থের পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি অভিনেত্রী। বিয়ের ছবিতেও স্বামীর মুখ আড়ালে রেখে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার সেই প্রবণতাই যেন বজায় রেখেছেন তিনি।টেলিভিশন থেকে রাজনীতি, মিমির পথচলা ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান মিমি চক্রবর্তী। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের পরিকল্পনায় নির্মিত ধারাবাহিকটিতে তাঁর অভিনয় দর্শকের নজর কাড়ে। পরে ‘বোঝে না সে বোঝে না’, ‘শুধু তোমারই জন্য’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ধনঞ্জয়’, ‘দ্রাকুলা স্যার’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করে টালিউডে নিজের অবস্থান শক্ত করেন তিনি।  অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।  কাজের ব্যস্ততার পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। মিমি ও সিদ্ধার্থের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

LEAVE A REPLY