ছবি : ওয়েবরাডিও
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’—এমন রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার নিয়ে বিজয়োল্লাস করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এ ঘটনায় ফিফার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে আলবেসিলেস্তরা বিরুদ্ধে।এর ফলে বড় শাস্তির মুখোমুখি হতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
ম্যাচ শেষের উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো সমর্থকদের কাছ থেকে একটি ব্যানার নিয়ে মাঠে প্রদর্শন করেন। ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল ‘লাস মালভিনাস আর্জেন্টিনার’ যার বাংলা অর্থ—ফকল্যান্ড বা মালভিনাস আর্জেন্টিনার।

আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ‘লাস মালভিনাস’ নামে ডাকে এবং নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ১৯৮২ সালে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধও হয়েছিল।
ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, মাঠের ভেতর রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক স্লোগান বা ব্যানার প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মের লঙ্ঘন হওয়ায় বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।











































