মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো

মায়ামিতে এভাবে হাসিখুশি থাকতে চান মেসি-কাসেমিরো। ছবি : এক্স থেকে

একটা সময় মাঠে দা-কুমড়ো সম্পর্ক ছিল কাসেমিরো-লিওনেল মেসির। সেই অতীত ভুলে এখন ইন্টার মায়ামির হয়ে কাঁধে কাঁধ মেলাবেন ক্লাব-জাতীয়র হিসেবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলে খেলে আসা দুই তারকা।

এবারের মৌসুম থেকেই জুটি বাঁধছেন মেসি-কাসেমিরো। মন্ট্রিয়েলের বিপক্ষে ইতিমধ্যে মেজর লিগ সকারে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। তবে মেসির সঙ্গে এখনো জুটি বাঁধা হয়নি তার। গত বুধবার ছুটি শেষে মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

মাঠে এখনো জুটি বাঁধা না হলেও মেসিকে ভালো করেই চেনেন কাসেমিরো। একাই ম্যাচে কি করতে পারেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। তাই তো মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে সম্বোধন করেছেন কাসেমিরো।

একসঙ্গে মায়ামিকে দারুণ কিছু এনে দেওয়াই লক্ষ্য জানিয়ে সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেছেন, ‘আমরা শিরোপার জন্য লড়ে যেতে চাই।আর যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি। প্রতিনিয়ত নিজের উন্নতি করতে চাই এবং ফুটবলের ঈশ্বরের সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই।’

মায়ামিকে কেন এসেছেন তার ব্যাখ্যা দিয়েছেন কাসেমিরো। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘ক্লাবটি বিশ্বের সেরা ফুটবলারদের দলে নিয়েছে। দলে এমন মানুষদেরই থাকা উচিত যারা প্রতিনিয়ত উন্নতি করতে চায় এবং সাফল্য পেতে যাদের তীব্র ক্ষুধা আছে।এটি এমন এক দল যারা ক্লাব বিশ্বকাপে খেলেছে। আর আমিও নিজের উন্নতি অব্যাহত রাখতে চাই।’

ব্রাজিল-আর্জেন্টিনার মতোই লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। মেসি-কাসেমিরো দুজনই সব সময় বিপরীত দলে ছিলেন। মেসি অনেকবারই তাকে সমস্যায় ফেলেছে এটা অকপটে স্বীকার করে রিয়ালের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘তাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি খুবই খুশি। সে আমাকে অনেক সমস্যা ফেলেছে। আর আমার সব সময় স্বপ্ন ছিল সেরাদের সঙ্গে খেলা।’

মেসির সঙ্গে খেলতে পারাটা সম্মানের বলে মনে করছেন কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মায়ামিতে যোগ দেওয়া ডিফেন্ডার বলেছেন, ‘তার বিপক্ষে বহুবার খেলেছি। জানি, তাকে থামানো অসম্ভব। কিন্তু সবকিছু পাওয়ার পরও সে এখনো উন্নতি করতে চায়, জিততে চায়। এটি সত্যি বিমোহিত করে। তার সঙ্গে খেলতে পারাটা সম্মানের।’

LEAVE A REPLY