বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে। অভিনেত্রীর মৃত্যুর প্রায় এক মাস পর সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয়।
পরিবারের বিবৃতি অনুযায়ী, গত ১৫ জুলাই ২০২৬ মধ্যরাতে ঘুমের মধ্যেই মারা যান অনন্যা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, গত এক বছর ধরে অনন্যা শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন ধরনের অস্বস্তি ও কষ্টের মধ্যেও তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছিলেন।
অভিনেত্রীর শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তার পরিবার। তবে মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ সময়ে পরিবারের গোপনীয়তা ও মানসিক অবস্থার প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
অনন্যা রাজের মৃত্যুর পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সর্বশেষ পোস্টটিও আলোচনায় এসেছে। গত ১৭ মে ওই পোস্টটি করেছিলেন তিনি। একটি শুটিংয়ের ছবি প্রকাশ করে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। ছবির সঙ্গে লিখেছিলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার জ্বলে ওঠার সময়।
মৃত্যুর আগে দেওয়া এই আশাবাদী বার্তাই এখন ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অনন্যার সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় লাখের বেশি অনুসারী ছিল। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ২০১৭ সালে ‘দ্যা ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।
সিনেমার পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো প্রতিষ্ঠিত মিউজিক লেবেলের বেশ কয়েকটি প্রকল্পে দেখা গেছে তাকে। আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘থাগ্গেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদ্রাসি গ্যাং’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।
সূত্র: বলিউড শাদিজ











































