সংগৃহীত ছবি
ফরাসি ফুটবলে শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগেই অনাকাঙ্ক্ষিত এক ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গ্রীষ্মের তীব্র দাবদাহে নিজেদের হোম গ্রাউন্ড পাক দে প্রিন্সেসের পিচ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধ্য হয়ে শেষ মুহূর্তে ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।রেনের বিপক্ষে আগামী রবিবারের উদ্বোধনী ম্যাচটি প্যারিসের বদলে এখন অনুষ্ঠিত হবে রেনের মাঠে।
বুধবার ফরাসি ফুটবল প্রতিযোগিতার কমিটি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। পিএসজির পক্ষ থেকে জানানো হয়, মাঠের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ আয়োজন করা সম্ভব ছিল না। রেন কর্তৃপক্ষের সমঝোতায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংকটের মুহূর্তে সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পিএসজি।
হুট করে মাঠ পরিবর্তন হওয়ায় সমর্থক ও দর্শকদের যে সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে মাঠ সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে আবারও নিজেদের হোম গ্রাউন্ডে ফিরতে পারবে দলটি।









































