মুশফিক-তামিমের চোটের বর্তমান অবস্থা জানালেন শান্ত, চার পেসার খেলানোর ইঙ্গিত

সংগৃহীত ছবি

ডারউইনে রোমাঞ্চকর জয়ের স্মৃতি পেছনে ফেলে এবার ম্যাকাইতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারানোর ছক কষছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ লাল বলের লড়াইয়ে আগামীকাল (শনিবার) মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।তবে বল গড়ানোর আগে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাকাইয়ের উইকেট ও ভিন্ন আবহাওয়া। পরিস্থিতি বুঝে একাদশে পেস নাকি স্পিনের প্রাধান্য থাকবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন—স্কোয়াডের পাঁচ পেসার আর দুই স্পিনার, সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইকেট ও কন্ডিশন নিয়ে নিজের ভাবনার কথা জানান অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘হ্যাঁ ওয়েদারটা একটু ডিফারেন্ট।ওখানকার থেকে একটু ঠাণ্ডা আছে। বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় দুই দিন প্র্যাকটিসে প্লেয়াররা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে। সো প্রিপারেশন ভালো হয়েছে।’

এদিকে চার পেসার খেলানোর বিষয় নিয়ে সরাসরি উত্তর না দিয়ে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই রেডি আছে, ইতিবাচক দিক হচ্ছে আমাদের দুইজন স্পিনার আছে যারা যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’ 

এদিকে অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিম ও তানজিদ হাসান তামিমের খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘মুশফিক ভাই ঠিক আছে। তামিম আজকে ব্যাট করেছে।মেডিক্যাল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’ 

LEAVE A REPLY