তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ১১

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।
রোববার (২৩ আগস্ট) তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র মর্মান্তিক এই নৌকাডুবির তথ্য নিশ্চিত করেন।
তিউনিসিয়ার প্রশাসনিক সূত্র জানায়, নিখোঁজদের সন্ধানে সাগর ও উপকূলজুড়ে কোস্টগার্ড, সেনাবাহিনী ও সিভিল প্রটেকশন বিভাগের সদস্যরা সমন্বিত উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধারকাজে দুইটি সামরিক হেলিকপ্টারও নিয়োজিত রয়েছে।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল নৌকাটি। এতে আরোহীদের বড় অংশই ছিলেন তরুণ। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানান, নৌকাটিতে একই পরিবারের সাত সদস্য ছাড়াও এক অন্তঃসত্ত্বা নারী তার স্বামীকে নিয়ে উঠেছিলেন।
দুর্ঘটনার পর সাগরে ভেসে থাকা অবস্থায় কেবল এক তরুণকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, সাগরে প্রায় ৪৮ ঘণ্টা ভেসে থাকার পর একটি প্রবাসমুখী বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।
নৌকায় থাকা অভিবাসীরা সবাই তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেন গেরদানে শহরের বাসিন্দা। নিখোঁজ স্বজনদের উদ্ধারে জোর তৎপরতা চালানোর দাবিতে শনিবার (২২ আগস্ট) রাতে সেখানে স্থানীয় তরুণরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

LEAVE A REPLY