ড্রোন হামলায় লিবিয়ার বন্দরে ডুবল রুশ যুদ্ধজাহাজ

পূর্ব লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলায় একটি রুশ যুদ্ধজাহাজ উল্টে ডুবে গেছে। রবিবারের (২২ নভেম্বর) এই ঘটনার কয়েক ঘণ্টা পর একই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলার ঘটনা ঘটে।এসব হামলার পর লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

ফক্স নিউজ জানিয়েছে, বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা রুশ নৌবাহিনীর করভেট ‘মেরকুরি’তে দুটি বিস্ফোরক বোঝাই সামুদ্রিক ড্রোন আঘাত হানে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির বেশিরভাগ অংশ উল্টে ডুবে গেছে এবং কেবল সামনের অংশ পানির ওপরে রয়েছে।জেটি এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ ঘটনায় আরো চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে রুশ ও লিবীয় নাগরিকসহ ১০ জন সামান্য আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় প্রশাসনের সঙ্গে একটি সামুদ্রিক সহযোগিতা চুক্তির অধীনে রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে থেমেছিল।

প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে ড্রোনগুলো পশ্চিম লিবিয়ার কোনো ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হতে পারে।

যুদ্ধজাহাজে হামলার কয়েক ঘণ্টা পর বেনগাজির উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও সামুদ্রিক ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সামরিক সূত্র। লিবীয় নৌবাহিনী বাণিজ্যিক জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। এদিকে রবিবার সন্ধ্যায় বেনগাজির উপকূল থেকে ২০টিরও বেশি ড্রোন বোট আটক করেছে লিবিয়ার নৌ ও বিমান বাহিনী।

এই ঘটনাগুলোর পর লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ তদন্তের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছেন।

পশ্চিম লিবিয়া থেকে ড্রোন উৎক্ষেপণের সন্দেহের পাশাপাশি তিনি লিবিয়ায় ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞদের সম্ভাব্য উপস্থিতি নিয়ে তদন্ত এবং কিয়েভের কাছে ব্যাখ্যা চেয়েছেন। পূর্বাঞ্চলীয় সরকার এক বিবৃতিতে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয় এবং নিজেদের বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে বিদেশি সংঘাত বা প্রতিশোধ নেওয়ার ময়দানে পরিণত হতে দেবে না।

উল্লেখ্য, জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেনগাজি পূর্ব ও দক্ষিণ লিবিয়ার বড় অংশে আধিপত্য বিস্তার করে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া বিভক্ত। সাম্প্রতিক সময়ে কৃষ্ণ সাগরের বাইরে ভূমধ্যসাগর ও লিবিয়া উপকূলের আশপাশে রুশ নৌ ও জ্বালানি সম্পদের ওপর ড্রোন হামলার অভিযোগও সামনে এসেছে।

LEAVE A REPLY