২৩ বছর পর একসঙ্গে ‘পু’ ও ‘রোহান

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর ২৫ বছর পূর্তি হচ্ছে এ বছর। ২০০১ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত সিনেমাটি এখনো দর্শকের কাছে বেশ জনপ্রিয়।বিশেষ এই বছরকে স্মরণীয় করে রাখতে সিনেমাটির আইকনিক রাইচাঁদ হাউসকে বাস্তবের আবাসনে রূপ দিচ্ছে ভ্রমণ ও আবাসনসেবা প্রতিষ্ঠান এয়ারবিএনবি। সেখানে অতিথিদের থাকার সুযোগও দেওয়া হবে।

তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হয়ে এসেছে সিনেমাটির দুই জনপ্রিয় চরিত্র ‘পু’ ও ‘রোহান’-এর পুনর্মিলন। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে দেখা গেল কারিনা কাপুর খান ও হৃত্বিক রোশনকে।২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ সিনেমার পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি।

এয়ারবিএনবির সঙ্গে সিনেমাটির বিশেষ আয়োজনের ঘোষণা দিতে একটি ভিডিওতে হাজির হন কারিনা ও হৃত্বিক। সেখানে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনেন তারা। কারিনাকে আবারও ‘পু’ চরিত্রের পরিচিত সংলাপ ‘হাউ ডেয়ার ইউ?’ ও ‘হু আর দে?’ বলতে শোনা যায়।অন্যদিকে হৃত্বিকও নিজের চেনা রসিকতায় মেতে ওঠেন। নিজের নম্বর জানতে চাইলে তিনি বলেন, ‘১০’। পরে জানান, নম্বরটি তিনি নিজেকেই দিয়েছেন।

ভিডিওতে রাইচাঁদ হাউসের পরিচিত সিঁড়ি, পুয়ের পোশাকের সংগ্রহ ও স্টাডি রুমও দেখানো হয়েছে। একপর্যায়ে করণ জোহরও তাদের সঙ্গে যোগ দেন।তিনজনকে একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন ভক্তরা।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। অনেকেই তাদের ‘আইকনিক’ বলে মন্তব্য করেছেন। বলিউডের কয়েকজন তারকাও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী অঞ্জলি আনন্দ লিখেছেন, ‘আইকনিক’। মাহিপ কাপুর মন্তব্য করেছেন, ‘ফ্যাব’। এ ছাড়া সাবা পাতৌদি ও তাহিরা কাশ্যপও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃত্বিক রোশন ও কারিনা কাপুর অভিনয় করেন। ধনী রাইচাঁদ পরিবারের গল্প নিয়ে তৈরি সিনেমাটিতে দত্তক ছেলে রাহুলের সঙ্গে পরিবারের দ্বন্দ্ব এবং ভিন্ন সামাজিক অবস্থানের এক তরুণীর সঙ্গে তার প্রেমের বিষয়টি তুলে ধরা হয়। সিনেমাটির সংগীত পরিচালনা করেন যতীন-ললিত, সন্দেশ শান্ডিল্য ও আদেশ শ্রীবাস্তব। প্রযোজনা করে ধার্মা প্রোডাকশনস।

LEAVE A REPLY