‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ অভিনেতা আদিত্য সীল এবং তাঁর স্ত্রী অনুষ্কা রঞ্জন এখন যমজ কন্যাসন্তানের বাবা-মা। ২৩ অগস্ট তাঁদের জীবনে এসেছে দ্বিগুণ আনন্দ। সমাজমাধ্যমে সুখবরটি জানিয়ে দুই মেয়ের নামও প্রকাশ করেছেন তাঁরা।
আদিত্য ও অনুষ্কা তাঁদের যমজ কন্যাসন্তানের নাম রেখেছেন বীরা রঞ্জন সীল ও মাহী রঞ্জন সীল। সেই পোস্টেই জন্মের তারিখ জানিয়েছেন তাঁরা। যে কার্ড তাঁরা ভাগ করে নিয়েছেন, সেখানে দুই ছোট্ট মেয়ের ছবি রয়েছে। তাতেই লেখা নাম। নিজেদের ‘প্রচণ্ড উত্তেজিত’ পরিবার হিসাবে উল্লেখ করে সন্তানদের আগমনে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা। আদিত্য লিখেছেন, “আমাদের জীবন আরও উজ্জ্বল করতে দুই একরত্তি হাজির। আমাদের হৃদয় ভালবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। বীরা ও মাহী।”
চলতি বছরের শুরুতেই মাতৃত্বকালীন ফোটোশুটের ছবি ভাগ করে নিয়ে অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন দম্পতি। নতুন সদস্যের অপেক্ষায় তাঁদের জীবনে শুরু হয়েছিল নতুন অধ্যায়।
চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, সুখবরটি প্রকাশ্যে আনতে তাঁরা কিছুটা সময় নিয়েছিলেন। বিয়ের খবরের থেকে সন্তানের খবর প্রকাশ করতে বেশ উদ্বিগ্ন বোধ করেছিলেন বলে জানান তিনি। এর আগে নিজেদের ইফটিউব চ্যানেলে অনুষ্কা তাঁর কঠিন আইভিএফ সফরের কথাও জানান। সেই সময় স্বামী আদিত্যের কাছ থেকে পাওয়া নিরন্তর সাহায্যের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্কা জানিয়েছিলেন, আইভিএফ প্রক্রিয়ায় তাঁকে অন্তত ১৫০টি ইঞ্জেকশন নিতে হয়েছিল। অনেক সময়ে সেই ইঞ্জেকশন নিতে গিয়ে যন্ত্রণায় কেঁদেও ফেলতেন অনুষ্কা, জানিয়েছিলেন নিজেই। পরিবার শুরু করার কথা তাঁরা ২০২৩ সাল থেকেই ভাবছিলেন। পরে তাঁর বোন আকাঙ্ক্ষা রঞ্জন তাঁকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে উৎসাহিত করেন।
আদিত্য ও অনুষ্কার প্রথম দেখা হয় ২০১৭ সালের ২৬ জুন। অনুষ্কার স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের পরিচয় হয়। সেই সাক্ষাৎ ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয়। কয়েক বছর প্রেমে থাকার পরে ২০২১ সালের নভেম্বরে মুম্বইয়ে বিয়ে করেন তাঁরা।











































