যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ২ লাখ বিদেশির ভিসা বাতিলের প্রস্তুতি

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা আশ্রয় চাইছেন- এমন সর্বোচ্চ ২ লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তরের নথি ও দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সোমবার এ তথ্য জানিয়েছে।

এপি বলেছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে একসঙ্গে এত বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে পররাষ্ট্র দপ্তর। এই পরিকল্পনার আওতায় ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া বি-১ ও বি-২ শ্রেণির ভিসা পড়বে।বি-১ ভিসা সাধারণত ব্যাবসায়িক ভ্রমণের জন্য এবং বি-২ ভিসা পর্যটন বা স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্র এমন বিদেশিদের শনাক্ত করছে, যারা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের কথা বলে ব্যবসা বা পর্যটন ভিসা নিয়েছিলেন। পরে তারা দেশটিতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন। তবে ভিসা বাতিল হওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।কর্মকর্তারা জানিয়েছেন, যেসব ব্যক্তির আশ্রয়ের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, তাদের বেশির ভাগকে অন্য একটি অভিবাসন শ্রেণিতে নেওয়া হতে পারে। ফলে তাদের আগের ব্যবসা বা পর্যটন ভিসার পরিচয় আর থাকবে না। তবে তাদের আশ্রয়ের আবেদন স্বাভাবিক নিয়মে চলতে থাকবে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ধরনের ভিসাধারীদের সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। তিনি বলেন, অনেক মানুষ ব্যবসা বা পর্যটন ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।পরে তারা আশ্রয়ের আবেদন করেন। তার দাবি, এভাবে অভিবাসন আইন এড়ানোর চেষ্টা করা হচ্ছে। ল্যান্ডাউ লিখেছেন, যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের বিভিন্ন দেশে মানুষ ‘ভুয়া আশ্রয়ের আবেদন’ নিয়ে বিরক্ত। আশ্রয়ব্যবস্থাকে অভিবাসন আইন এড়িয়ে যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র ভিসা-ব্যবস্থায় একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে। ভিসার আবেদনকারীদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মকাণ্ডের ইতিহাস সম্পর্কে আরো তথ্য দিতে বলা হচ্ছে। কিছু ক্ষেত্রে ভিসা আবেদনের সঙ্গে বড় অঙ্কের জামানত দেওয়ার নিয়মও চালু করা হয়েছে। এ ছাড়া কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৮ মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে বলে এপি জানিয়েছে। এসব ভিসা বাতিলের কারণের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধও রয়েছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের ভিসা বাতিল করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নীতির প্রকাশ্যে সমালোচকদের বিরুদ্ধেও ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন নীতির সমালোচনা করেছেন- এমন কিছু ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে।
 

LEAVE A REPLY