শুকনো কাশি উপশমের ঘরোয়া উপায় ও সতর্কতা

সংগৃহীত ছবি

শুকনো কাশি ঘুম ও দৈনন্দিন কাজে বড় ধরনের অস্বস্তি তৈরি করে। এই কাশিতে সাধারণত কফ বা শ্লেষ্মা বের হয় না, বরং গলায় সুড়সুড়ি বা চুলকানোর মতো অনুভূতি হয় এবং রাতে এর প্রকোপ বেশি দেখা যায়।

কফযুক্ত কাশিতে শ্বাসনালী থেকে শ্লেষ্মা বের হয়ে গলা পরিষ্কার হয়। অন্যদিকে, শুকনো কাশি হলো গলা বা শ্বাসনালীর প্রদাহজনিত বা স্নায়বিক প্রতিক্রিয়া। এতে কফ জমে না বলে বারবার কাশলে পাঁজরের পেশীতে ক্লান্তি ও চাপ তৈরি হতে পারে।

শুকনো কাশির সাধারণ কারণ
শুকনো কাশি কয়েক সপ্তাহ বা মাসজুড়েও থাকতে পারে।এর পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন—
১। সাধারণ সর্দি-ফ্লু বা ভাইরাসজনিত সংক্রমণ (কোভিড-১৯-এর পরও দীর্ঘদিন শুকনো কাশি থাকতে পারে)।
২। ধুলাবালি, পরাগরেণু বা পোষা প্রাণীর লোমে অ্যালার্জি।
৩। সিগারেটের ধোঁয়া, বায়ুদূষণ বা রাসায়নিক ধোঁয়া।
৪। হাঁপানি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা (জিইআরডি)।
৫।উচ্চ রক্তচাপের কিছু ঔষধের (যেমন এসিই ইনহিবিটর) পার্শ্বপ্রতিক্রিয়া।

ঘরোয়া পরিচর্যা ও প্রাকৃতিক উপায়
১। তরল ও বাষ্প: গরম পানি, স্যুপ বা ক্যাফেইনমুক্ত চা খেলে গলা আর্দ্র থাকে এবং ঘর্ষণ কমে। গরম পানির বাষ্প নেওয়া, গরম পানিতে গোসল করা বা ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করলে শ্বাসতন্ত্র আরাম পায়।
২। মধু ও ভেষজ চা: মধু মেশানো গরম চা বা মধুর সঙ্গে লেবুর রস গলার ভেতরে সুরক্ষার আস্তরণ তৈরি করে। কাশির লজেন্স বা চিনি ছাড়া ড্রপও লালা বাড়িয়ে গলা ভিজিয়ে রাখতে সাহায্য করে।

ঔষধের ব্যবহার
কারণ বুঝে ঔষধ নির্বাচন করা গুরুত্বপূর্ণ। কাশি দমনে অ্যান্টিটাসিভ, অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, নাকের পেছন থেকে কফ গলায় পড়ার সমস্যায় ডিকনজেস্ট্যান্ট এবং হাঁপানি বা শ্বাসনালীর সংবেদনশীলতায় ব্রঙ্কোডাইলেটর ব্যবহৃত হয়। এ ছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ শুকনো কাশির সিরাপও পাওয়া যায়। গুরুতর সংক্রমণ বা প্রদাহে ইনজেকশনযোগ্য চিকিৎসা দেওয়া হতে পারে, তবে তা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে হয়।

রাতে ভালো ঘুমের কিছু পরামর্শ
রাতে কাশি বাড়লে মাথা একটু উঁচু করে বালিশে শোয়া যেতে পারে, যাতে নাকের শ্লেষ্মা বা অ্যাসিড রিফ্লাক্স গলায় জ্বালা না সৃষ্টি করে। ঘুমানোর আগে হালকা গরম লবণ-পানিতে গার্গল করা এবং ঘরের বাতাস ঠাণ্ডা ও আর্দ্র রাখাও উপকারী।

কখন ডাক্তার দেখাবেন ও কিভাবে প্রতিরোধ করবেন
শুকনো কাশি তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বর, ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট, কাশির সঙ্গে রক্ত আসা কিংবা দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হলে অবহেলা করা ঠিক নয়।

ঝুঁকি কমাতে ধোঁয়া এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া, দূষিত এলাকায় এয়ার পিউরিফায়ার ব্যবহার করা এবং অ্যাসিড রিফ্লাক্স বাড়ায় এমন খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

LEAVE A REPLY