ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় সামরিক প্রশিক্ষণের সময় ট্যাংকের নিচে চাপা পড়ে দেশটির সেনাবাহিনীর দুই জওয়ান নিহত হয়েছেন। শনিবার প্রায় ৩২টি ট্যাংক নিয়ে সামরিক মহড়া চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মহড়ার সময় প্রচুর ধুলোবালি উড়ছিল। এতে ট্যাংকের চালক সামনের পথ ঠিকমতো দেখতে পারছিলেন না। একপর্যায়ে সামনে থাকা দুই জওয়ানের ওপর দিয়ে চলে যায়।
নিহত দুই জওয়ান হলেন উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা নায়েক মণীশ কুমার এবং বদায়ুঁ জেলার বাসিন্দা নায়েক অঙ্কুশ কুমার।দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত হিসার সামরিক হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সেনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে হিসার পুলিশ দুই জওয়ানের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।









































