ইরানে সড়ক, রেল ও বন্দর অবকাঠামোর ৯৮ স্থাপনা পুনর্বাসনের কাজ চলছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে সড়ক, রেল ও বন্দর নেটওয়ার্কের প্রায় ৯৮টি স্থাপনা পুনর্বাসনের কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানেহ সাদেক। রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানেহ সাদেক সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, হরমুজ প্রণালি ও উপসাগরের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজগান দক্ষিণ ইরানকে বৈশ্বিক বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসনে সময় লাগবে। কারণ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নতুন করে তৈরি অথবা সংগ্রহ করতে হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ১১টি রেলসেতু পুনর্নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত টানেল ও সড়ক মেরামতের কাজ চলছে।

ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা সচল রাখতে কয়েক ঘণ্টা থেকে এক দিনের মধ্যেই বিকল্প রুট চালু করা হয়েছিল বলে জানান সাদেক। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সেতুগুলোর পুনর্নির্মাণও চলছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী মাসে পুনর্নির্মাণ করা সেতুগুলো আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY