হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।
ইউকেএমটিও জানায়, ওমানের খাসাব বন্দরের প্রায় ১২ নটিক্যাল মাইল উত্তরে ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে ভেতরের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
তবে কী ধরনের বস্তু ট্যাংকারটিতে আঘাত করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনার দায়ও এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
ঘটনায় কেউ হতাহত হয়নি। পাশাপাশি তেল ছড়িয়ে পড়া বা পরিবেশের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই পথে নিয়মিত তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে সেখানে এ ধরনের ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্র: শাফাক নিউজ







































