পিসিবির নজরদারিতে রিজওয়ান, নিষেধাজ্ঞার শঙ্কায় ইমাম

মোহাম্মদ রিজওয়ান (ডানে) ও ইমাম-উল-হক। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সফর থেকে বাদ পড়ার পর এবার কঠোর শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক ও উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া নজরদারিতে আছেন দুজনই।এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র ডেইলি আওসাফ

প্রতিবেদন অনুযায়ী, ইমাম-উল-হককে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে পিসিবি। তাকে এক থেকে দুই বছর নিষিদ্ধ করা হতে পারে। তবে কী কারণে এমন শাস্তির কথা ভাবা হচ্ছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে, রিজওয়ানের শৃঙ্খলাজনিত বিষয়েও পিসিবির গুরুতর আপত্তি আছে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এমনকি অদূর ভবিষ্যতে পাকিস্তানের কোনো দলেও তার জায়গা না পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ডেইলি আওসাফ

ইমাম ও রিজওয়ানকে টেস্ট দলে নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।এ বিষয়ে পিসিবি নির্বাচক কমিটির এক সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নির্বাচকদের কাছে দুই ক্রিকেটারকে দলে নেওয়ার কারণ, তাদের মান ও সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সামি আহমেদ সাইয়েদ এই নোটিশ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চোটের কারণে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাটিং করতে পারেননি ইমাম-উল-হক।তবে দলের প্রতি নিবেদিত বোঝাতে তিনি চোট নিয়ে মাঠেই অনুশীলন করেন, যেটিকে লোকদেখানো অভিনয় বা নাটক বলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।

আর রিজওয়ান পাকিস্তান দলের সিনিয়র সদস্য হওয়ার পরও ড্রেসিংরুমের শান্ত পরিবেশ নাকি নষ্ট করেছেন। তার আচরণ দলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। 

LEAVE A REPLY