গত মার্চে নতুন ‘হ্যারি পটার’ সিরিজের টিজার ও ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর তীব্র সমালোচনার ঝড় উঠেছিল। প্রিয় চরিত্রগুলোকে নতুন মুখে মেনে নিতে না পারা এবং জাদুকরী আবহের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভক্তরা।তবে সম্প্রতি সিরিজটির অফিশিয়াল ট্রেলার মুক্তির পর সেই চিত্র বদলে গেছে। ট্রেলারের প্রশংসায় মেতেছেন ভক্ত ও দর্শকেরা।
নতুন এই সিরিজে মূল তিন চরিত্র—হ্যারি পটার, রন উইজলি ও হারমোয়েনি গ্রেঞ্জারের ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন, অ্যালাস্টেয়ার স্টাউট ও অ্যারাবেলা স্ট্যানটন। ২০২৬ সালের বড়দিনে প্রিমিয়ারের জন্য প্রস্তুত এই সিরিজটির ট্রেলারে হগওয়ার্টসের জাদুকরী দুনিয়া এবং প্রথম ফ্রেমেই তিন বন্ধুর রসায়ন ফুটে উঠেছে, যা কমেন্ট সেকশনে হাজারো ইতিবাচক প্রতিক্রিয়া কুড়িয়েছে।
তবে প্রশংসার পাশাপাশি রয়েছে ভিন্ন মতও। রেডিটের একটি জনপ্রিয় থ্রেডে সিনেমাটি অতিমাত্রায় ধূসর দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক পুরনো ভক্তের মতে, ট্রেলারে আসল জাদুকরী উজ্জ্বলতার ঘাটতি রয়েছে এবং নতুন করে সিরিজটি বানানোর কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে মিলেনিয়াল এবং নতুন প্রজন্মের (জেন-জি ও জেন আলফা) দর্শকদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সব বিতর্ক সত্ত্বেও বইয়ের ভক্তদের জন্য সিরিজটিতে থাকছে বিশেষ চমক। ২০০১ সালের মূল চলচ্চিত্রে যেসব ঘটনা জায়গা পায়নি, জে কে. রাউলিং-এর মূল উপন্যাস অনুসরণে তৈরি এই সিরিজে সেই দৃশ্যগুলো আরো বিস্তারিত ও নিখুঁতভাবে তুলে ধরা হবে।











































