নাইজেরিয়ায় তেল চুরি করতে গিয়ে প্রাণ গেল ৪৩ জনের

নাইজেরিয়ার তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে গিয়ে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর চেষ্টা করেছিলেন। এ সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় অনেকে জ্ঞান হারান এবং কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস বলেন, নিহতরা একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর জন্য ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে পৌঁছান। এরপর তারা ওই স্থাপনার সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের অবৈধভাবে সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করেন।

তবে নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন জ্ঞান হারান। তাদের মধ্যে কেউ কেউ নদীতে পড়ে ডুবে যান বলে জানা গেছে।

পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ‘ঘটনার ভয়াবহতা ও প্রকৃত চিত্র বের করতে তদন্ত চলছে।’

ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পণ্য তোলা জাহাজগুলোতে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো হয়।

ফাইনফেস বলেন, পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানোর সময় তরুণেরা একই সঙ্গে তা অপেক্ষমাণ নৌকায় তুলছিলেন। এতে তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। তিনি জানান, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY