ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব কেন্টের দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ (বাঁয়ে) ও খালেদ আহমেদ। ছবি: ইন্সটাগ্রাম
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান মাহমুদের অভিষেক অনেক আগেই হয়েছে। গত জুনে কেন্টের হয়ে দুটি ম্যাচ খেলার পর চলতি সেপ্টেম্বরে তিনি আরেকটি ম্যাচ খেলছেন।
হাসানের পর বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদকেও দলে ভিড়িয়েছে কেন্ট। কিন্তু ওরচেস্টারশায়ারের বিপেক্ষ ডিভিশন টু-এর ম্যাচে হাসানকে একাদশে রাখা হলেও খালেদের জায়গা হয়নি। ফলে ইংলিশ কাউন্টিতে অভিষেকের অপেক্ষা বেড়েছে সিলেটের এই পেসারের।
ক্যান্টারবুরির সেন্ট লরেন্স গ্রাউন্ডের সিমিং কন্ডিশনেও কেন খালেদ আহমেদকে খেলানো হলো না, এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে।আসলে নিয়মের বেড়াজলে এই ম্যাচে খেলতে পারছেন না ৩৩ বছর বয়সী পেসার।
বর্তমান নিয়ম অনুযায়ী, ইংলিশ কাউন্টি ক্রিকেটের প্রধান তিন টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপ (প্রথম শ্রেণি), ওয়ানডে কাপ (লিস্ট ‘এ’) এবং ভাইটালিটি ব্লাস্টে (টি২০) একটি দল তাদের একাদশে সর্বোচ্চ দুজন বিদেশি খেলোয়াড় রাখতে পারে।
ওরচেস্টারশায়ারের বিপেক্ষ কেন্টের হয়ে খেলছেন বাংলাদেশের হাসান মাহমুদ ও দক্ষিণ আফ্রিকার কিথ ডাজন। তাই তৃতীয় বিদেশি হিসেবে খালেদের খেলার সুযোগ নেই।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২১ মৌসুম থেকে একাদশে দুই বিদেশির নিয়ম কার্যকর করেছে। এর আগে মাত্র একজন বিদেশি খেলানোর অনুমতি ছিল।
তবে ব্রেক্সিটের কারণে ‘কোলপ্যাক চুক্তি’ বাতিল হয়ে যাওয়ার পর কাউন্টি ক্লাবগুলোর শক্তিমত্তা ও ভারসাম্য বজায় রাখতে ইসিবি বিদেশি খেলোয়াড়ের কোটা বাড়িয়ে দুজনে উন্নীত করে।
ওরচেস্টারশায়ারের বিপেক্ষ ২ সেপ্টেম্বর শুরু হওয়া ম্যাচে বেশ সুবিধাজনক অবস্থানে আছে কেন্ট। গতকাল দ্বিতীয় দিন শেষে দুই ইনিংস মিলিয়ে ২১৮ রানে এগিয়ে আছে হাসান-খালেদের দল।হাতে আছে ৭ উইকেট।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। ব্যাটিং অর্ডারের দশে নেমে ৪ রানে অপরাজিত থাকেন হাসান।
এরপর হাসান তার আসল কাজটা ঠিকঠাকভাবেই করেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। তাতে ওরচেস্টারশায়ার ২১৭ রানে গুটিয়ে গেলে কেন্ট প্রথম ইনিংসে ২১ রানের লিড নেয়।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৭ রান তুলে কাল দ্বিতীয় দিন শেষ করেছে কেন্ট। আজ বিকেলে তৃতীয় দিনের খেলা শুরু হবে।









































