ব্যালন ডি’অর নিয়ে এবার মরিনহোকে খোঁচা দিলেন এনরিকে

ছবি : রয়টার্স

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে কথার জোর লড়াই। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবেন আয়োজকেরা।এর আগেই পিএসজি ও রিয়াল মাদ্রিদ কোচের বাহাস উত্তাপ ছড়িয়েছে ফুটবলপাড়ায়।

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দুর্দান্ত মৌসুম কাটানো প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফুটবলারদের পক্ষেই শক্ত সাফাই গেয়েছেন কোচ লুইস এনরিকে। তার মতে, এবার ‘সোনার বল’ পিএসজির খেলোয়াড়দের ঘরেই আসা উচিত।

মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “কে ব্যালন ডি’অর জিতবে তা নিয়ে আমার মাথাব্যথা নেই, তবে আমার মতে বিজয়ী হওয়া উচিত পিএসজির কোনো খেলোয়াড়।” 

নিজের যুক্তির স্বপক্ষে এনরিকে বলেন, ‘আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা চ্যাম্পিয়নস লিগ জিতেছে, ফাবিয়ান রুইজ বিশ্বকাপ জিতেছে, আর উসমান দেম্বেলে গত মৌসুমের ব্যালন ডি’অরজয়ী। তাই আমার মনে হয় ট্রফিটা পিএসজিতেই আসা উচিত।”

এনরিকের এই মন্তব্য মূলত রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোর বক্তব্যেরই জবাব। মালাগার বিপক্ষে ম্যাচের আগে ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো পরোক্ষভাবে ব্যালন ডি’অরের জন্য নিজের শিষ্য কিলিয়ান এমবাপ্পেকে এগিয়ে রেখেছিলেন।বিশ্বকাপে আলো ছড়ানো এমবাপ্পের পাশাপাশি রিয়ালে ৩-৪ জন দাবিদার আছে বলে জানান তিনি।

মরিনহো যুক্তি দেখান, “আমার মতে, ব্যালন ডি’অর তাদেরই পাওয়া উচিত, যাদের অবসরের পর আমরা চিরকাল মিস করব। আমি ম্যারাডোন, (রোনালদো) নাজারিও, মেসি, জিদান আর মাথেউসকে মিস করি। শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতার কারণেই কোনো খেলোয়াড়কে ব্যালন ডি’অর দেওয়া যায় না। চ্যাম্পিয়নস লিগ বিজয়ীকে পুরস্কৃত করতে চাইলে, তাহলে ব্যালন ডি’অর লুইস এনরিকেকে দিয়ে দাও।”

এনরিকের ফেভারিট তালিকায় থাকা ফাবিয়ান রুইজ, খভিচা কাভারেস্খেইয়া কিংবা উসমান দেম্বেলের পাশাপাশি এবারের লড়াইয়ে জোরকদমে আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, হ্যারি কেইন, লিওনেল মেসি, রদ্রি ও মাইকেল ওলিসরা। শেষ পর্যন্ত দলগত সাফল্যের পিএসজির কেউ নাকি ব্যক্তিগত নৈপুণ্যে হাতে উঠবে কাঙ্ক্ষিত এই ট্রফি, তা দেখতে অক্টোবরের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। 

LEAVE A REPLY