সংগৃহীত ছবি
স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটো আর রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের গুঞ্জন নিয়ে এমনিতেই চর্চার শেষ নেই। তবে এবার সেই চর্চা রূপ নিয়েছে তীব্র কটাক্ষে।রাস্তায় রাতে ধূমপান করার একটি দৃশ্য প্রকাশ্যে আসতেই রিয়াল মাদ্রিদ ভক্তদের নিশানায় পড়েছেন ‘এলিট’ খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী।
বিশ্বকাপের পর থেকেই রিয়াল ভক্তদের ক্ষোভের মুখে ছিলেন এস্টার। এমবাপ্পের পারফরম্যান্স ও ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। তবে এবার বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায় থেকে টেনে এনে ফুটবল মাঠের সঙ্গে যুক্ত করছেন কিছু কট্টর সমর্থক।
সামাজিক মাধ্যমে রাতে ধূমপানরত অবস্থায় এস্টারের ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েন রিয়ালের কিছু ভক্ত। তাদের আজব যুক্তি, অভিনেত্রীর এই বদঅভ্যাস নাকি প্রভাব ফেলতে পারে এমবাপ্পের ওপরেও! এস্টারের মাধ্যমে এই ধূমপানের অভ্যাস এমবাপ্পের মাঝেও ছড়িয়ে পড়তে পারে এমন অহেতুক শঙ্কায় অভিনেত্রীর তীব্র সমালোচনা করছেন তারা।
বিষয়টি শুনতে যতটা অদ্ভুত ও অতিরঞ্জিতই মনে হোক না কেন, রিয়াল সমর্থকদের একাংশের জন্য এটাই এখন নতুন আলোচনার খোরাক। মাঠের বাইরের অতি সাধারণ এক ঘটনাকেও রিয়াল তারকার পারফরম্যান্সের সাথে জড়িয়ে দিয়ে এস্টারকে নিয়ে আবার শুরু হয়েছে ট্রোলের মহোৎসব।










































