ছবি : রয়টার্স
খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। নতুন করে বড় ধরনের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড।ডান ঊরুর ইনজুরির কারণে আগামী চার থেকে আট সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে বলে নিশ্চিত করেছে তার শৈশবের ক্লাব সান্তোস।
বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নেইমারের ডান ঊরুর ‘রেক্টাস ফেমোরিস’ পেশিতে ‘টাইপ ২বি’ মাত্রার চোট ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে।
গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে এই চোট পান নেইমার।ম্যাচের প্রথমার্ধেই ডান ঊরুতে তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি, যার ফলে বিরতির পর আর ঝুঁকি না নিয়ে তাকে তুলে নেওয়া হয়।
তবে এই চোটের পরপরই ক্ষোভে ফেটে পড়েন নেইমার। চোট পাওয়ার পেছনে সান্তোসের ঐতিহ্যবাহী হোম গ্রাউন্ড ‘ভিলা বেলমিরো’র বেহাল দশাকে সরাসরি দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।











































