সংগৃহীত ছবি
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত বিশেষ এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে এ বিশেষ আয়োজন। আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিনেমা প্রদর্শনী।
আয়োজনে প্রতিদিন বিকেল ৪টা থেকে দর্শকদের জন্য পর্দায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা। প্রদর্শনীর প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে নায়ক অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।
পরদিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দর্শকরা উপভোগ করতে পারবেন সালমান শাহ ও মৌসুমী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর অকালমৃত্যু আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা।প্রতিবছর ৬ সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রয়াত এই তারকাকে।











































