ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। পুরুষ বা নারী ক্রিকেট, এই লড়াই ঘিরে আগ্রহের শেষ থাকে না।২০২৬ সালের নারী এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
ভারত ইতিমধ্যেই থাইল্যান্ড ও হংকংকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। পাকিস্তান চাইবে শেষ চারের রাস্তা আরো মসৃণ করতে। তবে পরিসংখ্যান বলছে, এশিয়া কাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে সাফল্যের স্মৃতি পাকিস্তানের খুব বেশি নেই।
নারী এশিয়া কাপের ইতিহাসে সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ছয়বার জিতেছে ভারত। পাকিস্তানের একমাত্র জয় এসেছে ২০২২ সালের সিলেটে। ২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালেও ভারত হারিয়েছিল পাকিস্তানকে।২০২৪ সালের ডাম্বুলা এশিয়া কাপেও সাত উইকেটের সহজ জয় পেয়েছিল ভারত।
শুধু এশিয়া কাপ নয়, দুই দলের সামগ্রিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক পরিসংখ্যানেও এগিয়ে ভারত। এখনো পর্যন্ত ১৭ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১৪টিতে জিতেছে ভারত, পাকিস্তানের জিতেছে মাত্র তিনটিতে।
সাম্প্রতিক সাক্ষাৎ হয়েছিল ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।সেই ম্যাচেও পাকিস্তানকে ৬৪ রানে হারিয়েছিল ভারত। ফলে দুবাইয়ের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ।
ভারত-পাকিস্তান নারী এশিয়া কাপের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে খেলা দেখা যাবে সোনিলিভ অ্যাপে।








































