সংগৃহীত ছবি
উত্তেজনা আর রোমাঞ্চের ম্যাচ রূপ নিল তাণ্ডবে! ডাচ ফুটবলের সর্বোচ্চ স্তরের চতুর্থ রাউন্ডে উট্রেখট ও গো এহেড ঈগলসের মধ্যকার ম্যাচটি সমর্থকদের অনাকাঙ্ক্ষিত ও সহিংস আচরণের কারণে শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন রেফারিরা। গ্যালারি থেকে মাঠে বারবার ককটেল-আতশবাজি ও ক্ষতিকর বস্তু নিক্ষেপের কারণে চূড়ান্তভাবে পণ্ড হয়ে যায় ম্যাচটি।
ম্যাচে যখন ৫৮ মিনিটের খেলা চলছিল, ঠিক তখনই প্রথম অশান্তির সূচনা। সফরকারী দল গো এহেড ঈগলসের ফরোয়ার্ড ভিক্টর এডভার্ডসেন দলের হয়ে তৃতীয় গোলটি (০-৩) করতেই উট্রেখটের বিখ্যাত ‘বুনিকসাইড’ গ্যালারির উগ্র সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়ে। একের পর এক বিকট শব্দের আতশবাজি নিক্ষেপ করা হয় ম্যাচের সবুজ গালিচায়। উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে অবিলম্বে খেলা থামিয়ে দেন রেফারি মার্টিন ভ্যান ডেন কারখফ।
দীর্ঘ ২০ মিনিটের বেশি সময় খেলা স্থগিত রাখার পর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে দুই দলকে আবার মাঠে ফেরানো হয়। ম্যাচ পুনরায় শুরু হতেই দ্রুত ব্যবধান কমিয়ে ৩-১ করেন উট্রেখটের এক ফুটবলার। তবে এই আশাজাগানিয়া গোলও গ্যালারির উন্মাদনা থামাতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই গ্যালারি থেকে বৃষ্টিধারার মতো বোতল ও নানা ধরনের শক্ত বস্তু ছুড়ে মারা হতে থাকে মাঠের ভেতর।এর মধ্যে কয়েকটি আতশবাজি গো অ্যাহেড দলের গোলরক্ষক কেটিল হাউগের গোলপোস্টের ঠিক পাশেই ফোটে।
এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ আয়োজকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে রেফারি ম্যাচটি পুরোপুরি ‘পণ্ড’ বা পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ যখন বন্ধ করা হয়, তখন খেলার প্রায় ২৫ মিনিট বাকি ছিল এবং গো হেড ঈগলস ৩-১ গোল ব্যবধানে এগিয়ে ছিল। উগ্র সমর্থকদের এই অনাকাঙ্ক্ষিত তাণ্ডবে এখন বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছে উট্রেখট ক্লাব কর্তৃপক্ষ।










































