শোচনীয় হারেও এশিয়া কাপে সেরা দল দাবি করে ট্রোলড পাকিস্তান

২২ গজে ভারতের মুখোমুখি হওয়া মানেই যেন পাকিস্তানের আত্মসমর্পণ। পুরুষ হোক বা মহিলা এই ছবিতে কোনও বদল আসে না।তেমনই ছবিতে বদল আসে না বয়সভিত্তিক দলেও। সম্প্রতি নারীদের এশিয়া কাপের ম্যাচে ফের একবার সেই ছবির পুনরাবৃত্তি দেখা গেল। 

গত শনিবার ভারতের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। শ্রী চরণি (৩ উইকেট), দীপ্তি শর্মা (২ উইকেট), প্রেমা রাওয়াত (২ উইকেট) এবং শেফালি বর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫৫ রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা পাকিস্তানী প্রেমিরারা।তবে দল ধুঁকলেও দলকে সেরা বলতে পিছপা হলেন না কোচ ওয়াহাব রিয়াজ।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল মাত্র ৮.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জিতে য়ায়। পাকিস্তানের পক্ষে কেবল ওপেনার মুনিবা আলি ও শাওয়াল জুলফিকার ছাড়া দলের বাকি কোনও ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। মাঠে এমন পারফরম্যান্সের পর কোচের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানকে এশিয়া কাপের সেরা দল উল্লেখ করে ওয়াহাব বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সব খেলোয়াড়ই অত্যন্ত দক্ষ, শুধু নিজেদের ওপর ভরসা রাখা দরকার। ভারতের বিরুদ্ধে কী ভুল হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। তবে এখানকার পরিবেশ আমাদের সম্পূর্ণ অনুকূলে থাকায় আমি এখনও মনে করি এশিয়া কাপ ট্রফি জেতার সবচেয়ে বড় দাবিদার ও সেরা দল পাকিস্তানই।’

কোচের এই আত্মতুষ্টির ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের অধিনায়ক সানা মির। এশিয়া কাপের জন্য অভিজ্ঞ সাতজন ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলে একঝাঁক নতুন মুখ এনে স্কোয়াড গড়ে তোলায় সরাসরি ম্যানেজমেন্টকেই কাঠগড়ায় তুলেছেন পাক অধিনায়ক।তবে অধিনায়কের সেই ক্ষোভকে কোনও গুরুত্বই দিতে রাজি হননি ওয়াহাব।

সানা মিরের সমালোচনা প্রসঙ্গে ওয়াহাব জানিয়ে দেন, অধিনায়কের ব্যক্তিগত মতামতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা বছরের পর বছর ধরে বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলেও কোনও ইতিবাচক ফল আনতে পারছিলেন না বলেই নতুনদের সুযোগ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

তবে মাঠের এমন শোচনীয় পারফরম্যান্স এবং অন্দরের বিদ্রোহের মাঝে কোচের এই দাবি ক্রিকেটপ্রেমীদের কাছে পাকিস্তানকে নতুন করে হাসির খোরাক করে তুলল।

LEAVE A REPLY