ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্সেনাল এবং চেলসি। ম্যাচের আগে আত্মবিশ্বাসী সুরে ইংলিশ তারকা কোল পামার জানিয়েছেন, এই ম্যাচে ভালো কিছু করতে প্রস্তুত তারা।সেই সাথে আর্সেনালের বিপক্ষে সাম্প্রতিক জয়হীন রেকর্ডকে গুরুত্ব না দিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারের মাধ্যমে ‘এই সময়’কে বিশেষ ই–মেল সাক্ষাৎকার এই মন্তব্য করেন তিনি।
পামার বলেন, ‘এ বার আমাদের টিম আরও ভালো। আমরা ভালো কিছু করবই।’
আদর করে যাকে ভক্তেরা ডাকেন কোল্ড পামার বলে। কারণ, গোল সেলিব্রেশন করেন ঠান্ডায় কেঁপে যাওয়ার মতো করে। কয়েক মাস আগে নতুন একটি আইস ব্র্যান্ড বাজারে এনেছেন পামার। নাম দিয়েছেন ‘কোল্ড্।’ কুইক–কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ আইস কিউব, বিশেষ কোনও আকারের আইস এবং ইলেকট্রোলাইটসসহ আইস বিক্রি করছে তার সংস্থা। আর মাঠে আরো ‘কুল’ দেখাচ্ছে পামারকে।
গত মৌসুমে চেলসি ক্লাব বিশ্বকাপ জিতলেও প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে ছিল দশ নম্বর। তাই এবার ইউরোপের কোনও টুর্নামেন্টে নেই। পামারের কথায়, ‘অনেক কিছুই ফ্যাক্টর ছিল।তবে চোট বড় সমস্যা তৈরি করেছিল।’ গেল মৌসুমের মাঝেই চেলসি কোচ এনজো মারেস্কাকে বরখাস্ত করেন। নতুন মৌসুমে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছে সাবেক স্প্যানিশ তারকা জাবি আলোনসো।
স্পেনের সাবেক বিশ্বকাপজয়ী তারকা কোচ হিসেবে আসার পরে পামারকে কী বলেছেন? ২৪ বছর বয়সী ইংলিশ তারকা বলেন, ‘কোচ আমাকে খেলতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ফ্রি হয়ে খেলতে। কারণ, উনি জানেন আমার যখন খেলতে ভালো লাগে, সেই সময়ে আমি কী করতে পারি। আমি নিজেই মাঠের সেই জায়গাটা খুঁজে নিই, যেখানে সবচেয়ে বেশি আঘাত হানতে পারব।’
এবার মাত্র ৩১ সেকেন্ডে গোল করে প্রিমিয়ার লিগ শুরু করেছে চেলসি। আর জোয়াও পেদ্রোর সেই গোলে অ্যাসিস্ট ছিল পামারের। এই ম্যাচের স্কোরলাইনে নাম ছিল তিন ফরোয়ার্ডের। মজা করে বিখ্যাত আমেরিকান ব্যাঙ্ক ‘জে–পি–মর্গ্যান’ নামে অনেকে ডাকছেন চেলসির তিন ফরোয়ার্ডকে। জোয়াও পেদ্রোর ‘জে’, কোল পামারের ‘পি’ এবং মর্গ্যান রজার্সের ‘মর্গ্যান’— এই তিন শব্দকেই মেলাচ্ছেন ভক্তরা।
শেষ পর্যায়ে কয়েকটি জটপট প্রশ্নের জবাব দিয়েছেন পামার। রাবোনা না প্যানেনকা (ফুটবলে দুটি অত্যন্ত আকর্ষণীয়, শৈল্পিক এবং ঝুঁকিপূর্ণ টেকনিক)— কোন ধরনের গোল করতে চাইবেন? পামারের জবাব, ‘রাবোনা’।
ডেভিড বেকহ্যামের মতো ফ্রি–কিক গোল করতে চান নাকি উড়তে চাইবেন? পামারের জবাব, ‘উড়তে চাইব।’ যদি ফুটবলার না হতেন, তা হলে কী হতেন? পামার বলছেন, ‘ডিজে।’ কোনও ম্যাচে ১–০ জিততে চাইবেন, নাকি ৫–৪? পামারের উত্তর, ‘৫–৪। যদিও এটা ডিফেন্ডাররা পছন্দ করবে না।’ এখনও পর্যন্ত ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি কী? ‘সম্ভবত ক্লাব বিশ্বকাপ,’ বলেন পামার।










































