এনডিএর নেতা নির্বাচিত হয়ে যা বললেন মোদি

নরেন্দ্র মোদি। ছবি : এএফপি

লোকসভায় এনডিএর নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেই প্রস্তাব অনুমোদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অনেকেই। নেতা হিসেবে অনুমোদন পেয়েই মোদি বলেন, ‘এনডিএ দলের নেতারূপে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

এনডিএর নবনির্বাচিত সংসদ সদস্যরা শুক্রবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে বৈঠকে বসেন।

ওই বৈঠকে রাজনাথ এনডিএর নেতা হিসেবে মোদির নাম প্রস্তাব করেন। শুধু তা-ই নয়, সংসদে বিজেপির নেতা হিসেবেও মোদির নাম প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে সায় দিয়েছেন এনডিএর জোটের নেতারাও।

শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডু, জনতা দল ইউনাইটেড দলের নেতা নীতীশ কুমার, শিবসেনা দলের নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, এনসিপির নেতা অজিত পওয়ার, জেডিইউ নেতা এইচডি কুমারস্বামীরা।

মোদির নাম প্রস্তাব করার পর প্রথমেই সমর্থন দেন শাহ। তারপর গডকড়ীও সমর্থন জানান।

শাহ-গডকড়ীর পর কুমারস্বামী, চন্দ্রবাবু, নীতীশ, একনাথ, অজিত, চিরাগ পাসোয়ানরা সমর্থন জানান। সবার সমর্থন পাওয়ার পর জোটের সবার প্রতি ধন্যবাদজ্ঞাপন করে মোদি বলেন, ‘এনডিএ দলের নেতা রূপে সর্বসম্মতভাবে দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।

জানা গেছে, শুক্রবার বিকেলেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবেন এনডিএর নেতারা। রবিবার নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার গঠনে এনডিএ জোটের ওপর নির্ভর করতে হচ্ছে।

বিজেপি এবার ২৪০টি আসন পেয়েছে। তার পরই রয়েছে চন্দ্রবাবুর দল। তাদের ঝুলিতে রয়েছে ১৬টি আসন। এ ছাড়া নীতীশের জেডিইউ বিহারে পেয়েছে ১২টি আসন।
সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY