৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

সংগৃহীত ছবি

বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।তবে ছবিটি মুক্তির আগেই মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন রাশমিকা। সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে ৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি।

নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা।তার সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। তার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে।

কেন এমন উদ্যোগ নিলেন অভিনেত্রী? রাশমিকার ভাষ্য, সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না।আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’

এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি কেন? রাশমিকা জানিয়েছেন, বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি।তার সহযোগী দলের কয়েকজন সদস্যই শুধু এ সম্পর্কে জানতেন। তবে এবার মনে হয়েছে, নিজের উদ্যোগের কথা জানালে অন্যরাও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হতে পারেন।

অভিনেত্রীর কথায়, ‘আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে।’

শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন রাশমিকা। তিনি বলেন, ‘আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।’

রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র গল্পের পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা। তার স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকা।

LEAVE A REPLY