ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিন বছর ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে দখলদার ইসরায়েল। তাদের মধ্যে অন্তত ৩৫০ শিশু এখনো কঠোর পরিস্থিতিতে কারাবন্দি রেখেছে ইহুদিবাদী দেশটি।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। বেসরকারি সংস্থাটির প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের হেবরন গভর্নরেটের সাইর ও আল-শুয়ুখ শহর থেকে গত রাতেই ছয় শিশুকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির পর্যবেক্ষণ ও নথিপত্রের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজারের বেশি শিশুকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩৫০ জন এখনো কঠোর পরিস্থিতিতে বন্দি রয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তার, নির্যাতন, অনাহারে রাখা, বিচ্ছিন্ন করে রাখা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বাড়ছে।









































