গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬

ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির আকাশসীমার দিকে অগ্রসর হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছুড়ে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক আইন লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা ও আকাশপথ থেকে নিরাপত্তা দেওয়ার মিশনে থাকা অবস্থায় মার্কিন যুদ্ধবিমানটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের হেনগাম দ্বীপের কাছে দেশটির আকাশসীমার কাছাকাছি চলে আসে। এ সময় আইআরজিসি পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে বিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে সরে যায় মার্কিন যুদ্ধবিমানটি।

হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিমালা এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে আইআরজিসি। এমন লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। ভবিষ্যতে আবারও মার্কিন যুদ্ধবিমান দিয়ে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করা হলে কঠোর আকাশ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে এবং সে ক্ষেত্রে বিমানগুলোর পরিণতি আগে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে।

LEAVE A REPLY