সংগৃহীত ছবি
জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’-এর জগতে যুক্ত হচ্ছে নতুন সিরিজ। এবার গল্পের কেন্দ্রে থাকছে ১৪ বছর বয়সী অ্যাভাটার কুরুক।‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’ নামের এই অ্যানিমেটেড সিরিজে দেখা যাবে কুরুকের অভিযান, নতুন কিছু শেখার চেষ্টা এবং নানা বিপদের সঙ্গে তার লড়াই।
গত ৯ অক্টোবর নিউইয়র্ক কমিক কনে সিরিজটির ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজির সহ-নির্মাতা মাইকেল দান্তে ডিমার্টিনো ও ব্রায়ান কোনিয়েটজকো। অনুষ্ঠানে দর্শকদের সামনে কুরুক ও তার পোষা প্রাণী নিকিকের প্রথম ঝলকও তুলে ধরা হয়।
প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্সের বিবৃতি অনুযায়ী, কুরুককে এই সিরিজে দেখা যাবে নিজের রাগী শিক্ষকের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে।পাশাপাশি তাকে সামলাতে হবে দুরন্ত জলদস্যু ও বিশৃঙ্খল আত্মাদের। নানা বাধার মধ্যেও নিজের মতো করে বিশ্বে ভারসাম্য রক্ষায় কাজ করবে সে।
নতুন সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। তবে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
কুরুকের গল্পে কী থাকছে?
‘অ্যাভাটার’ মহাবিশ্বে অ্যাভাটার এমন এক সত্তা, যে পানি, আগুন, মাটি ও বায়ু—চারটি মৌলিক উপাদানই নিয়ন্ত্রণ করতে পারে। তার দায়িত্ব হলো চার জাতির মধ্যে ভারসাম্য বজায় রাখা।
কুরুক পানি জাতির একজন অ্যাভাটার। নতুন সিরিজে তার জীবনের আগের সময়ের গল্প তুলে ধরা হবে। পরিচিত এই কল্পজগতের নতুন অধ্যায়ে দর্শকেরা কুরুকের কৈশোরের অভিযান এবং বিভিন্ন চ্যালেঞ্জের মুখে তার সিদ্ধান্ত নেওয়ার ধরন দেখতে পাবেন।
কুরুকের সঙ্গী নিকিকও সিরিজটির একটি আকর্ষণীয় চরিত্র। নতুন সিরিজের ঘোষণার সময় তাদের একসঙ্গে দেখানো হয়েছে। তবে সিরিজটির পূর্ণাঙ্গ কাহিনি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
‘সেভেন হ্যাভেনস’-এরও নতুন মৌসুম
নতুন সিরিজ ঘোষণার পাশাপাশি ‘অ্যাভাটার: সেভেন হ্যাভেনস’-এর তৃতীয় ও চতুর্থ মৌসুমের অনুমোদনের কথাও জানিয়েছে প্যারামাউন্ট প্লাস। এই সিরিজে পাভি ও তার যমজ বোন নিশার গল্প তুলে ধরা হয়েছে।
‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ থেকে তৈরি হয়েছে ‘দ্য লেজেন্ড অব কোররা’সহ একাধিক সিরিজ। নতুন প্রিক্যুয়েলটি মূল গল্পের আগের সময়ের ঘটনা তুলে ধরবে। এর মাধ্যমে অ্যাভাটার মহাবিশ্বের পরিচিত চরিত্র ও ঘটনাগুলোর পেছনের গল্প আরও বিস্তৃত হবে।
নতুন সিরিজটির শোরানার হিসেবে থাকছেন ব্রায়ান কোনিয়েটজকো। এটি তৈরি করছে অ্যাভাটার স্টুডিওস ও নিকেলোডিয়ন অ্যানিমেশন স্টুডিওস। কুরুকের অভিযানের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে, কারণ এখনো সিরিজটির মুক্তির তারিখ জানানো হয়নি।










































