৩৯ বছর পর ‘মিস্টার ইন্ডিয়া’র পোশাকে অনিল কাপুর

১৯৮৭ সালের ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার সেই পরিচিত পোশাকে আবারও দেখা দিলেন অনিল কাপুর। একটি টেলিভিশন অনুষ্ঠানে পুরোনো লুকে হাজির হন তিনি।

৩৯ বছর পর আবারও ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার সেই পরিচিত পোশাকে দেখা গেল বলিউড অভিনেতা অনিল কাপুরকে। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে পরা শার্ট, প্যান্ট ও জ্যাকেট এখনো যত্ন করে রেখেছেন তিনি।সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সেই পোশাক পরে হাজির হয়ে ভক্তদের পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন অভিনেতা।

‘ইন্ডিয়া কে টপ ১%: দ্য অনিল কাপুর শো’ অনুষ্ঠানে পোশাকটি পরে আসেন অনিল। এ সময় তিনি জানান, ৩৯ বছর পরও শার্ট, প্যান্ট ও জ্যাকেট তার গায়ে ঠিকঠাক বসেছে। বিষয়টি নিয়ে মজা করে অভিনেতা বলেন, ‘শার্ট এখনো আমার গায়ে ঠিক হয়, প্যান্টও ঠিক হয়, জ্যাকেটও ঠিক হয়।৩৯ বছর পরও সবকিছু ঠিকঠাক!’

অনিল জানান, অনুষ্ঠানের আয়োজকেরা ‘মিস্টার ইন্ডিয়া’র আসল পোশাকটি ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন তিনি তাদের জানান, পোশাকটি এত বছর ধরে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন।

চোর বাজার থেকে কেনা জ্যাকেট

সিনেমাটিতে অনিলের পরিচিত লুকের অন্যতম আকর্ষণ ছিল জ্যাকেটটি। এত বছর পর সেই জ্যাকেট কেনার গল্পও জানিয়েছেন অভিনেতা।তিনি বলেন, মুম্বাইয়ের চোর বাজার থেকে জ্যাকেটটি কিনেছিলেন।

পোশাকের পাশাপাশি চুলের সাজেও পুরোনো দিনের ছাপ রেখেছেন অনিল। তার ভাষ্য, ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমায় যেমন লম্বা চুল ছিল, এখনো সেভাবেই চুল বড় করেছেন। ফলে পোশাকের সঙ্গে চুলের সাজও মানিয়ে গেছে।

‘সবাই হতে পারেন মিস্টার ইন্ডিয়া’

অনুষ্ঠানটির বিশেষ পর্বে দেশের ও সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা মানুষদের তুলে ধরা হয়েছে।এ প্রসঙ্গে অনিল বলেন, ‘এই সিনেমা থেকে কী শেখার আছে? সবাই মিস্টার ইন্ডিয়া হতে পারেন।’

অভিনেতার মতে, যারা কোনো পুরস্কার বা স্বীকৃতির আশা না করে দেশের সেবা করেন, তারাও একেকজন ‘মিস্টার ইন্ডিয়া’। দায়িত্ববোধ থেকেই তারা মানুষের জন্য কাজ করে যান।

শেখর কাপুর পরিচালিত ‘মিস্টার ইন্ডিয়া’ মুক্তি পায় ১৯৮৭ সালে। সিনেমাটিতে অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেন শ্রীদেবী ও অমরীশ পুরী। বিশেষ যন্ত্রের সাহায্যে অদৃশ্য হওয়ার ক্ষমতা পাওয়া অরুণ ভার্মাকে ঘিরে তৈরি হয়েছিল সিনেমার গল্প। গান, সংলাপ ও স্মরণীয় চরিত্রের কারণে ছবিটি হিন্দি সিনেমার পরিচিত কাজগুলোর একটি হয়ে আছে। অমরীশ পুরীর ‘মোগাম্বো খুশ হুয়া’ সংলাপটিও এখনো দর্শকদের মনে জায়গা করে আছে।

LEAVE A REPLY