ক্যারিয়ার থেমে গেছে ৩৩ বছর বয়সে। হৃদযন্ত্রের সমস্যায় ফুটবলকে বিদায় বলতে হয়েছে সের্হিও আগুয়েরোকে।
তবে আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারের বিশ্বাস, খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ছুঁতে পারতেন হাজার গোলের মাইলফলক! রোনালদোর গোলের রেকর্ডের প্রসঙ্গ উঠতেই নিজের অপূর্ণ স্বপ্নের কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আগুয়েরো রোনালদোর ১০০০ গোলের লক্ষ্যের প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন। তার কথা, ‘ক্রিস্টিয়ানো এই বয়সে যা করছে, তা অবিশ্বাস্য। তবে ১০০০ গোল করাই ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’
এরপর নিজের সামর্থ্যের কথা জানিয়ে আগুয়েরো বলেন, ‘আমি যদি এত দিন খেলতে পারতাম, তাহলে আগেই এটা করতে পারতাম।’
আগুয়েরোর এই মন্তব্যের পেছনে রয়েছে তার অসমাপ্ত ক্যারিয়ারের গল্প। ২০২১ সালের ৩০ অক্টোবর বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচে হৃদস্পন্দনের সমস্যায় মাঠে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন।তখন তার বয়স ছিল ৩৩ বছর।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৮৬ ম্যাচে ৪২৭ গোল করেছেন আগুয়েরো। এর মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে ৩৯০ ম্যাচে তার গোল ২৬০টি। সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
অন্যদিকে, ৪১ বছর বয়সেও গোল করে চলেছেন রোনালদো।জাতীয় দল পর্তুগালকে এ মাসেই বিদায় বলে দিলেও ক্লাব ফুটবলে আল নাসরের হয়ে খেলে যাচ্ছেন।
সব মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮৭। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছুঁতে দরকার মাত্র ১৩ গোল।









































